# ঢাকাসহ দেশের ১০ জেলায় কালবৈশাখীর আভাস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-25
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhakash-deser-10-jelaz-kalboisakheer-avas](https://dailyfulki.com/article/dhakash-deser-10-jelaz-kalboisakheer-avas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8640.md](https://dailyfulki.com/news/8640.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : কয়েক দিন টানা ভ্যাপসা গরমের পর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে গেছে।

সোমবার (২৫ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে নতুন করে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই ঝোড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করা হয়।

রোববারের আবহাওয়ার চিত্র তুলে ধরে অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় হওয়ায় গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৮৩ মিলিমিটার। এছাড়া সিলেটে ৬৬ এবং রাঙামাটিতে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় আজ সকাল ৬টা পর্যন্ত ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর পাশাপাশি রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
