# শনি-রবিবার ব্যাংক খোলা, কয়টা পর্যন্ত করা যাবে লেনদেন?

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-22
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sni-rbibar-bzangk-khola-kyta-prznt-kra-zabe-lenden](https://dailyfulki.com/article/sni-rbibar-bzangk-khola-kyta-prznt-kra-zabe-lenden)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8577.md](https://dailyfulki.com/news/8577.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শনিবার (২৩ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে এবং লেনদেনের সময় থাকবে স্বাভাবিক। এ ছাড়া রবিবারও (২৪ মে) ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনিবার (২৩ মে) ও রবিবার (২৪ মে) তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। এর পর দিন অর্থাৎ সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক।

ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক খাতের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংকসেবা চালু থাকবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
২৫ ও ২৬ মে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই দুদিন বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) কার্যক্রম নতুন সময়সূচিতে পরিচালিত হবে। তবে ঈদের আগে এই দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে।

এ ছাড়া ২৫ ও ২৬ মে তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিষ্পত্তির করতে বাংলাদেশ রিয়েল টাইম সেটেলমেন্টের (আরটিজিএস) গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত। এ সময়ের মধ্যে গ্রাহকরা আরটিজিএসের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন।

এ দুদিন বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এ সব দুপুর সাড়ে ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে।

এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।
এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগের নির্দেশনা বহাল থাকবে। আর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এই ছুটির দিনগুলোতে ব্যাংকের যেসব কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতাদি পাবেন বলেও জানানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
