# আশুলিয়ায় মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-19
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-manikgnj-jela-chatrdl-netar-jhulnt-mrdeh-uddhar](https://dailyfulki.com/article/asuliyay-manikgnj-jela-chatrdl-netar-jhulnt-mrdeh-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8517.md](https://dailyfulki.com/news/8517.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মোঃ আবু সায়েমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকার মোঃ কুদ্দুস খানের মালিকানাধীন ‘বক্তারনগর ভিলা’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ভোর ৪টা থেকে ৬টার মধ্যবর্তী কোনো এক সময় তিনি ওই ২য় তলার একটি কক্ষের বারান্দার গ্রিলের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন।

নিহত মোঃ আবু সায়েম (২৭) মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোপীনাথপুর ভাটপাড়া এলাকার আব্দুল ওহাব মুন্সীর ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে নিহতের স্ত্রী তাকে বেডে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। এ সময় বারান্দার দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে তাকালে বারান্দার গ্রিলের সাথে নিহতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, পরিবারের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পেরেছি, তিনি বেশকিছু টাকা ঋণী ছিলেন। হয়তো ওই ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ জানান, খোঁজ নিয়ে জানতে পারলাম, আমাদের জেলার ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আশুলিয়ায় আত্মহত্যা করেছে। শুনেছি, পারাবরিকে কারণে নাকি সে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে দরজার ছিটকিনি ভেঙে বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করেছি। তাই প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
