# সিংগাইরে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-19
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-3-dinbzapee-vuumi-seba-mela-suru](https://dailyfulki.com/article/singgaire-3-dinbzapee-vuumi-seba-mela-suru)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8515.md](https://dailyfulki.com/news/8515.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি সারাদেশে ভূমি সেবা মেলার উদ্বোধন ঘোষণা করলে সিংগাইরেও আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় সিংগাইর উপজেলা ভূমি অফিস আয়োজিত এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শান্ত বলেন, “রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি সামাজিক বন্ধন আরও বেশি জরুরি। ওয়ারিশান সংক্রান্ত বিরোধের কারণে প্রায়ই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা নিরসনে সামাজিক সচেতনতা ও পারিবারিক বন্ধন অত্যন্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, “এ অঞ্চলের ফসলি জমির মাটি বিক্রি বর্তমানে বড় সমস্যায় পরিণত হয়েছে। জমির মালিক মাটি বিক্রি না করলে অন্য কারও পক্ষে তা কেনা সম্ভব নয়। বাড়ি নির্মাণ ও পুকুর খননের ক্ষেত্রেও দেশে প্রচলিত আইন রয়েছে। সবাইকে আইন মেনে চলতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খান বিবেক, সাব-রেজিস্ট্রার মোছা. মাহমুদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সেটেলমেন্ট অফিসার শান্তি চাকমা, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিশ্বাস এবং সেবাগ্রহীতা গোলাম মাওলা।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত মেলার বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন জানান, তিন দিনব্যাপী এ মেলায় অনলাইনভিত্তিক ভূমিসেবা ও পরামর্শ প্রদানের জন্য উপজেলার ১১টি ইউনিয়নের পক্ষ থেকে পৃথক বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি জরিপ অফিসকে একই মন্ত্রণালয়ের আওতায় আনা গেলে সেবাগ্রহীতাদের হয়রানি অনেকাংশে কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
