# ধামরাইয়ে খালে লোহার জরাজীর্ণ সেতু, ঝুঁকিতে শিক্ষার্থী পথচারী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-18
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-khale-lohar-jrajeern-setu-jhunnkite-siksharthee-pthcaree](https://dailyfulki.com/article/dhamraye-khale-lohar-jrajeern-setu-jhunnkite-siksharthee-pthcaree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8505.md](https://dailyfulki.com/news/8505.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাই শেওড়াইল পাছাল খালের ওপর সেতুতে লোহার পাটাতনে মরিচা পড়ে নড়বড়ে জরাজীর্ণ অবস্থা। যে কোনো সময় ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছেন পথচারী কৃষক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগ চরমে উঠায় ব্রিজটি পুনঃনির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নান্নার ইউনিয়নে শেওরাইল পাছাল খালের সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। অবহেলিত জীর্ণ এ সেতুটি স্থানীয় আউয়াল মিয়ার বাড়ির সামনে থেকে হোসেন আলী মাদবরের বাড়ির সামনে সড়ক পর্যন্ত সংযোগ স্থাপন করে। গুরুত্বপূর্ণ পারাপার ব্যবস্থা হলেও বর্তমানে এর অবস্থা বড়ই নাজুক। যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী জানান, প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীসহ অসংখ্য মানুষ এই সেতু দিয়ে চলাচল করেন। সেতুর খুঁটিগুলো পুরোনো হয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে পথচারী চলাচলের সময় দুলতে থাকে। লোহার পাটাতন মরিচা পড়ে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে দর্ভোগের ঝুঁকি আরও কয়েকগুণ বেড়ে যায়। ঝুঁকি এড়াতে অনেকেই বাধ্য হয়ে বিকল্প দীর্ঘ পথ ঘুরে চলাচল করেন।

একটি পাকা ও নিরাপদ ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা বলেন, এটি শুধু একটি সেতু নয়, আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

এ বিষয়ে নান্না ইউনিয়নের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শহিদ উল্লাহ বলেন, এ জীর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করেন। এটি খালের দুই পাড়ে বাসিন্দাদের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। এখানে প্রশস্থ ও টেকসই ব্রিজ নির্মাণ জরুরি। এতে দুই পাশের গ্রামের কৃষকদের আবাদি ফসল পরিবহণ সহজ হবে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
