# দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dese-cuurant-votar-talika-prkas](https://dailyfulki.com/article/dese-cuurant-votar-talika-prkas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8425.md](https://dailyfulki.com/news/8425.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন তালিকায় দেড় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজারের বেশি।

ইসি কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হয় ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন চলে ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির সময় শেষ হয় ৬ মে।

বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়ে এনআইডি অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম জানান, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন; নারী রয়েছেন ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
