# সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-14
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/seemante-biesefer-gulite-bangladesi-niht](https://dailyfulki.com/article/seemante-biesefer-gulite-bangladesi-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8418.md](https://dailyfulki.com/news/8418.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।  

বুধবার (১৩ মে) রাত ২টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

গুলিতে বাংলাদেশি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি বলেন, প্রকৃত ঘটনা জানতে কাজ চলছে, এ বিষয়ে শিগগিরই জানানো হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
