# হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে : কর্নেল অলি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-11
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hasinar-pramrse-pscimbngoe-suvenduke-kshmtaz-bsano-hzeche-krnel-oli](https://dailyfulki.com/article/hasinar-pramrse-pscimbngoe-suvenduke-kshmtaz-bsano-hzeche-krnel-oli)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8352.md](https://dailyfulki.com/news/8352.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চট্টগ্রাম সংবাদদাতা : শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ।

গতকাল রবিবার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১-দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।

সেখানে জয়ের পর থেকেই সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। পত্র-পত্রিকায় দেখলাম মুসলমানদের গাড়িতে বেঁধে টেনে হিঁচড়ে নির্যাতন করা হচ্ছে।
বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবী তৃতীয় যুদ্ধের দিকে এগোচ্ছে। দেশে সারসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

সরকারকে এসব সমস্যার সমাধানে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
কর্নেল অলি আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালেও আমরা আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের ওপর জোর দিয়েছি। গণভোটে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে ‘জুলাই সনদ’কে বৈধতা দিয়েছে। তবে সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে আসায় দেশে বর্তমানে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাহউদ্দিন আহমেদ ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিলেও বিএনপি এখন তা নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চাইছে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মুহাম্মদ শাহজাহান (সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াত), আলহাজ শাহজাহান চৌধুরী, এমপি, ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, সরোয়ার তুষার (যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি), মুহাম্মদ শহীদুল ইসলাম (সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন), সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনি। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
