# ধামরাইয়ে জেল থেকে জামিনে বেরিয়ে প্রেমিকার ভাইয়ের হাতে খুন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-jel-theke-jamine-beriye-premikar-vayer-hate-khun](https://dailyfulki.com/article/dhamraye-jel-theke-jamine-beriye-premikar-vayer-hate-khun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8331.md](https://dailyfulki.com/news/8331.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলায় জেল থেকে জামিনে বেরিয়ে প্রেমিকার ভাইয়ের হাতে খুন হয়েছেন ফিরোজ কবির নামে একজন। এ ঘটনায় রোববার (১০ মে) ভোরে পুলিশ প্রেমিকার ভাই জহুরুলকে আটক করেছে। শনিবার (৯ মে) রাত ১০টারদিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের অর্জুননালাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে জহিরুল ইসলাম (৪২) একই এলাকার শাহজাহানের ছেলে শাহীনকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। রোববার ভোর রাতে তাকে ধামরাইয়ের গাংগুটিয়া এলাকার একটি বাড়ি থেকে  গ্রেফতার করা হয়েছে।

নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুন নালাই এলাকার আলহাজ উদ্দিনের ছেলে। নিহত এবং হত্যাকারীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদক মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, মাদককারবার নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল। একই সঙ্গে জহুরুলের বোনের সঙ্গে প্রেম থাকায় তার পরিবার নিহত ফিরোজের ওপর বিরক্ত ছিল। বিগত ৪-৫ দিন আগেই সে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে এবং তার বোনের সঙ্গে ডেটিং করে। শনিবার রাতে তাদের দেখা হলে জহুরুল তার বোনকে উত্ত্যক্ত করা নিয়ে তর্কাতর্কিতে লিপ্ত হয়। একপর্যায়ে জহুরুল তার সহযোগী শাহিনকে নিয়ে ফিরোজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।

ওসি নাজমুল আরও জানান, শনিবার রাত ১০টার দিকে  ঈদগাহ মাঠের কাছে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
