# ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-10
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fer-vangl-abu-twha-sabikunnaharer-sngsar](https://dailyfulki.com/article/fer-vangl-abu-twha-sabikunnaharer-sngsar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8322.md](https://dailyfulki.com/news/8322.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার ফের বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হলো। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

সাবিকুন্নাহার জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

একপর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিচ্ছেদের পথ বেছে নেন তারা।
তিনি বলেন, ‘আমরা নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম। দুই পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল। কিন্তু নানা কারণে সেই সম্পর্ক আর টেকেনি।

শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতে আমাদের বিচ্ছেদ হয়ে যায়।’
জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারা। প্রথম বিচ্ছেদের পর দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উদ্যোগে তাদের মধ্যে পুনর্মিলন ঘটে। নতুন করে সংসার শুরু করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার বিচ্ছেদ হয় তাদের। ওই সময় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে উভয় পরিবারের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আবারও একসঙ্গে জীবন শুরু করেন। তবে দ্বিতীয় দফার সেই সংসারও শেষ পর্যন্ত টিকল না। চার মাসের মাথায় আবারও আলাদা হয়ে গেলেন এই দম্পতি।

রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করে পরিচিতি লাভ করেন। ২০১৭ সালে অনলাইনে নিয়মিত বক্তব্য দেওয়া শুরু করার পর অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ধর্মীয় নানা বিষয় সহজ ভাষায় উপস্থাপন করায় তার বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২০২৩ সালের জুনে ঢাকায় যাওয়ার পথে তিন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন আবু ত্বহা আদনান। কয়েকদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও নানা জল্পনা তৈরি হয়। আট দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এবং ঘটনাটির সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে ওই ঘটনা তাকে দেশব্যাপী আরো পরিচিত করে তোলে।

এদিকে, বিচ্ছেদের বিষয়ে আবু ত্বহা আদনানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি দাম্পত্য জীবনের এই নতুন ভাঙনের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনা শুরু হয়েছে। অনেক অনুসারী এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। আবার কেউ কেউ ব্যক্তিগত জীবন নিয়ে অযথা সমালোচনা না করার আহ্বান জানিয়েছেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
