# মা দিবসে মায়ের কথা বলতেই আবেগে ভাসলেন তারকারা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-10
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ma-dibse-mayer-ktha-bltei-abege-vaslen-tarkara](https://dailyfulki.com/article/ma-dibse-mayer-ktha-bltei-abege-vaslen-tarkara)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8320.md](https://dailyfulki.com/news/8320.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার ; মাকে ভালোবাসতে কি আলাদা দিন লাগে ? সম্ভবত প্রতিটি মানুষ প্রতিটা দিনই ভালোবাসে তার মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। তবে মায়ের জন্যে যখন বিশেষ কোনো দিন সামনে আসে, তখনই মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।

 

**আমার মনমর্জি বইয়ের পাতার মতো পড়ে ফেলতে পারেন মা**
সজল, অভিনেতা

আব্বা চাইতেন না আমি শোবিজে কাজ করি। কিন্তু আমার মা আমার পাশে দাঁড়িয়েছেন। আমার বোনকে সঙ্গে নিয়ে আব্বাকে রাজি করিয়েছিলেন। আমার আজকের অবস্থানে আসার পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। এখনো ঘরে না ফেরা পর্যন্ত মা অপেক্ষায় থাকেন। জেগে বসে থাকেন। পারিবারিক অনেক অনুষ্ঠানে সময় করতে পারি না, যেতে পারি না, সবকিছু মা সামলান। আমার মনমর্জি যেন বইয়ের পাতার মতো পড়ে ফেলতে পারেন মা। মুখ ফুটে সব বলতে হয় না। সব ঠিক বুঝে নেন, সামলে নেন। আসলে মায়েরা বুঝি এমনই হয়।

 

**জীবনের পথচলায় মা-ই আমাকে পথ দেখিয়েছেন, সাহস জুগিয়েছেন**
বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী

আমার মা সব মায়ের মতন ভীষণ লক্ষ্মী এক মা। জীবনের পথচলায় মা-ই আমাকে পথ দেখিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমার অভিনেত্রী হয়ে ওঠার পেছনে মায়ের সাপোর্ট, ভালোবাসা আর শ্রম সবচেয়ে বেশি। মা আমাকে শিল্পের পথে হাঁটিয়েছেন, পাশে থেকেছেন। তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু। তিনি যেমন আমার সব শখ পূরণ করেছেন, আমিও চেষ্টা করি তাঁর শখ পূরণের। মায়ের শখ দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর। বহু দেশ ঘুরে দেখিয়েছি তাঁকে। আজীবন মায়ের আশীর্বাদের হাতটা যেন আমার মাথায় থাকে।

 

**মা আছেন বলেই আমার পৃথিবীটা এত সুন্দর**
অপূর্ব, অভিনেতা

আমার কাছে প্রতিটি দিনই মা দিবস। বাবা চলে গেছেন অনেক দিন হলো। তাঁর অভাবটা কোনো দিন দূর হবে না। এখন মা আছেন মাথার ওপর ছায়া হয়ে; ভালোবাসা ও আশীর্বাদ হয়ে। আমার জীবনে মায়ের অবদান শতভাগ। দেশে কিংবা বিদেশে—যেখানেই থাকি মায়ের সঙ্গে একবার হলেও কথা বলি। বিপদে, আপদে, ভালো আর মন্দে—মায়ের ভালোবাসাই আমাকে শক্তি দেয়, সাহস জোগায়। মা আছেন বলেই আমার পৃথিবীটা এত সুন্দর।

 

**যখন আরও বয়স বাড়বে, দেখতে ঠিক মায়ের মতো হব**
জয়া আহসান, অভিনেত্রী

আমার সঙ্গে মায়ের বয়সের খুব বেশি পার্থক্য না। মায়ের অল্প বয়সে আমার জন্ম। আমি যতই বড় হচ্ছি, তত বেশি মাকে ফিল করছি। আমি ভাবি, যখন আরও বয়স বাড়বে, দেখতে ঠিক মায়ের মতো হব। মায়ের মুখের সঙ্গে আমার দারুণ মিল। মা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি আর মা যেন এক আত্মা। না হলে মা কেমন করে আমার সবটা বুঝতে পারেন! যখন দূরে কোথাও থাকি, শুটিংয়ে কিংবা কাজে, যখনই মাকে ফোন করি, তিনি আমার কণ্ঠ শুনে বুঝতে পারেন খেয়েছি কি না, মনটা ভালো কি না। এটা বোঝার ক্ষমতা মায়েদেরই থাকে। মা আমার পুরোটা জীবনজুড়ে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
