# হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট ১২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hje-giye-aroo-dui-bangladesir-mrritzu-mot-12](https://dailyfulki.com/article/hje-giye-aroo-dui-bangladesir-mrritzu-mot-12)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8297.md](https://dailyfulki.com/news/8297.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১২ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।  

শনিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন মারা গেছেন।

সর্বশেষ শুক্রবার (৮ এপ্রিল) যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

অন্যদিকে এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৬ হাজার ২৫ জন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
