# বৈধভাবে হজের অনুমতিপত্র নেওয়ার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/boidhvabe-hjer-onumtiptr-newar-onurodh-dhrm-mntrnalyer](https://dailyfulki.com/article/boidhvabe-hjer-onumtiptr-newar-onurodh-dhrm-mntrnalyer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8270.md](https://dailyfulki.com/news/8270.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : হজযাত্রীদের সাবলীল সেবা প্রদানের লক্ষ্যে সরকার-অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতি গ্রহণ এবং হজের সব বিধিবিধান প্রতিপালনের আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশি হজযাত্রীদেরও দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে।

এ ছাড়া, সৌদিতে অবতরণের পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অনুমোদিত পদ্ধতিতে দাপ্তরিক মাধ্যমে অনুমতিপত্র গ্রহণ করার কথা বলা হয়েছে।
অনুমতির শর্ত প্রতিপালনের মাধ্যমে পবিত্র স্থানসমূহের সব ধরনের সেবা প্রাপ্তি এবং সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ ও চলাচলের শৃঙ্খলা রক্ষা করে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি ব্যাখ্যা দিয়েছে। অননুমোদিত মাধ্যমে বা মিথ্যা প্রলোভনে হজের অনুমতিপত্র বা ভিসা প্রক্রিয়াকরণের বিষয়েও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কার্যক্রম হজযাত্রীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে পারে অথবা তাদের আইনি শাস্তির সম্মুখীন করতে পারে।

প্রাতিষ্ঠানিক চ্যানেলে হজের অনুমতিপত্র সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুমতিপত্র একটি মসৃণ হজের অভিজ্ঞতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সেবা প্রাপ্তির নিশ্চয়তা দিতে সাহায্য করবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
