# বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন— প্রশ্ন নাসুমের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-05
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/baki-35-lakh-taka-ki-mrar-pr-cllisay-deben-prsn-nasumer](https://dailyfulki.com/article/baki-35-lakh-taka-ki-mrar-pr-cllisay-deben-prsn-nasumer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8195.md](https://dailyfulki.com/news/8195.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের পারিশ্রমিক নিয়ে ঝামেলার এখনও সমাধান হয়নি। সিলেট টাইটান্সে খেলা জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি বলে ফের অভিযোগ উঠেছে। তার চুক্তির ৩৫ লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এখনও পরিশোধ করেনি বলে জানিয়েছেন নাসুম।

কিছু দিন আগে সিলেট টাইটান্স দাবি করেছিল নাসুমের সব টাকা পরিশোধ করা হয়েছে। এক বিবৃতিতে টাইটান্স জানিয়েছিল, ‘বিপিএল ২০২৫-২০২৬ মৌসুমের খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত বিষয়টি গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চূড়ান্তভাবে সুরাহা হয়েছে। নির্ধারিত চুক্তি অনুযায়ী, ক্রিকেটার নাসুম আহমেদের মোট পাওনা ছিল ৩৫ লক্ষ টাকা (বি-ক্যাটাগরি), যার সম্পূর্ণ অংশ সিলেট টাইটান্স ইতিমধ্যে পরিশোধ করেছে। বর্তমান প্রেক্ষাপটে উক্ত ক্রিকেটারের কোনো বকেয়া পাওনা প্রতিষ্ঠানের নিকট অবশিষ্ট নেই।’

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে নাসুম দাবি করেছেন, তিনি এখনও ৩৫ লাখ টাকা পান। সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিক মাহিদুল ইসলাম সামির সঙ্গে তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিন রেকর্ড ফেসবুকে পোস্ট করে নাসুম লেখেন, ‘হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।’

সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ফাহিম আল চৌধুরীকে উদ্দেশ্য করে নাসুম লিখেছেন, ‘ফাহিম ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত। একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন-আপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি, আর তারা আমার সঙ্গে কী কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন- সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম।’

নাসুম আরও লিখেছেন, ‘ভাই, আমার টাকাগুলো যেন পাই-এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। আল্লাহর শুকরিয়া, আপনার নাম্বারটা পেয়েছি, দুই মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুই মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
