# গণনাকেন্দ্রে যেতেই মমতাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-04
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gnnakendre-zetei-mmtake-ghire-cor-cor-slogan](https://dailyfulki.com/article/gnnakendre-zetei-mmtake-ghire-cor-cor-slogan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8176.md](https://dailyfulki.com/news/8176.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে, দেড় দশকের চেনা দুর্গ হাতছাড়া হওয়ার আশঙ্কায় এখন কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। পরাজয়ের এই আবহের মধ্যেই সোমবার কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনাকেন্দ্র পরিদর্শনে গিয়ে বিজেপি সমর্থকদের নজিরবিহীন বিক্ষোভ ও তোপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় যখন গণনাকেন্দ্রে প্রবেশ করেন, তখন সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা তার গাড়ি ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এসে নিরাপত্তা বলয় তৈরি করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়। এর আগে কালীঘাটে তার বাসভবনের বাইরেও বিজেপি সমর্থকদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা গেছে।

ভোটের ফল যখন প্রতিকূলে, তখন সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তাকে কিছুটা চিন্তিত দেখালেও তিনি দাবি করেন, বিজেপির এগিয়ে থাকার খবরগুলো আগে দেখানো তাদের একটি সুপরিকল্পিত কৌশল। তিনি অভিযোগ করেন, প্রায় ১০০টি স্থানে গণনার কাজ রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে কারচুপির প্রমাণ পাওয়া গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোড় করে তার দলীয় প্রার্থী ও গণনাকেন্দ্রের এজেন্টদের উদ্দেশ্যে বলেন, “দয়া করে কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা কেন্দ্র ছেড়ে আসবেন না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান।” তিনি তাঁর কর্মীদের আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়ে বলেন যে, বিজেপির জয়ের খবর আগে প্রচার করা হলেও চূড়ান্ত ফলাফলে পরিস্থিতি বদলে যেতে পারে। তবে সামগ্রিক নির্বাচনী ট্রেন্ড বলছে, বাংলায় এবার বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তন এবং গেরুয়া শাসনের সূচনা এখন শুধু সময়ের অপেক্ষা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
