# দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-01
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dupure-nyapltne-bienpir-srmik-smabes-bktbz-deben-prdhanmntree](https://dailyfulki.com/article/dupure-nyapltne-bienpir-srmik-smabes-bktbz-deben-prdhanmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8107.md](https://dailyfulki.com/news/8107.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় পহেলা মে উপলক্ষে শ্রমিক সমাবেশে এটিই তার প্রথম বক্তব্য হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

সমাবেশকে ঘিরে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। দলটির নেতারা আশা করছেন, ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ ও নেতাকর্মী এতে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, এ সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।

নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, এবারের মে দিবস একটি বিশেষ প্রেক্ষাপটে পালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরির জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হয়ে পড়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির মতো বিষয়গুলো শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার ফলে শ্রমের ক্ষেত্র সংকুচিত হয়েছে। পাশাপাশি পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে।

তিনি আরও জানান, সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে একাধিক বিষয় উত্থাপন করা হবে। এর মধ্যে অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজের পরিবেশ নিশ্চিত করা, নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলা এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি অন্তর্ভুক্ত থাকবে। এসব দাবিকে সামনে রেখে শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করছে বিএনপি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
