# হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-30
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hariken-jwaliye-aleeg-netakrmeeder-jhtika-michil](https://dailyfulki.com/article/hariken-jwaliye-aleeg-netakrmeeder-jhtika-michil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8080.md](https://dailyfulki.com/news/8080.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর রাতের আঁধারে হারিকেন জ্বালিয়ে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে এ মিছিল করা হয়। তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন যুবক রাতের আঁধারে হারিকেন ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে মিছিল করছেন। অংশগ্রহণকারীদের কারও মুখে মাস্ক, কেউ হেলমেট পরিহিত, আবার কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন।

মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে রয়েছে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেল-গ্যাস-বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাত প্রায় ৮টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ কাইলাটি সড়কে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, তাদের হাতে ছোট হারিকেন ও মোবাইলের আলো ছিল। মিছিল শেষে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, এ ধরনের কোনও মিছিলের তথ্য আমাদের কাছে নেই। ভিডিওটি অন্য জায়গার পুরোনোও হতে পারে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
