# আশুলিয়ায় আবারও ডাকাতি, স্বর্ণালংকার টাকা লুট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-abaroo-dakati-swrnalngkar-taka-lut](https://dailyfulki.com/article/asuliyay-abaroo-dakati-swrnalngkar-taka-lut)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8074.md](https://dailyfulki.com/news/8074.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় এক দিনের ব্যবধানে আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে। এ সময় স্বামীর মাথা ফাটিয়ে ও স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা।

বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জে বাড়ির মালিক বায়িং হাউজের কর্মকর্তা আব্দুল্লাহ সাংবাদিকদের জানায়, ভোররাতে ১০ থেকে ১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত সীমানা প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। এসময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দু’টা রুপার চেইন, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুলসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

ডাকাতির শিকার ওই বাড়ির সদস্যরা জানান, বুধবার ভোররাতে একতলা বাড়িতে ১০-১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে স্বর্ণালংকার কেড়ে নেয়। একই সময় ওই বাড়ির ভাড়াটিয়ারা এগিয়ে এলে ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও পায়ের নূপুর কেড়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতরা ওই ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ধাওয়া দিলে ডাকাতরা পপিকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

বুধবার সকালে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বাড়ির মালিকের মেয়ে জানান, ১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে তার বাবা ও পরিবারের পুরুষ সদস্যদের বেঁধে ফেলে। বাবার মাথা ফাটিয়ে মায়ের কান ছিঁড়ে দুল নিয়ে যায়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে একে একে আসবাবপত্র ভেঙে লুটপাট চালায়, তার ব্যবহারের কম্পিউটার, মোবাইল, স্বর্ণালংকার টাকা-পয়সাসহ ২ লাখ টাকার মালামাল লুট করে। পুলিশ লুটের মালামালের তালিকা করেছে বলে তিনি জানান।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এরআগে গত সোমবার আশুলিয়ার চাকলগ্রামে একটি বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত ওই ডাকাতির সঙ্গে জড়িত কাউকে আটক বা মালামাল উদ্ধার করতে পারেনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
