# সামনে লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/samne-lmba-chuti-milte-pare-tana-10-din](https://dailyfulki.com/article/samne-lmba-chuti-milte-pare-tana-10-din)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8060.md](https://dailyfulki.com/news/8060.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতরের বড় ছুটির পর আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা এ ছুটি পাবেন তারা। দেশের এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছয় দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি যুক্ত হতে পারে ঈদুল আজহার ছুটির সঙ্গে। এতে ছুটি বাড়বে একদিন। এর আগে ঈদুল ফিতরের ছুটির সঙ্গে একদিন বাড়িয়েছিল সরকার।

যেভাবে ছুটি মিলবে ১০ দিন
সরকারি চাকরিজীবীদের কেউ ঈদের ছুটি শুরুর আগে দুদিন ঐচ্ছিক ছুটি নিতে পারলে সেই ছুটি বেড়ে হবে ১০ দিন। এই লম্বা ছুটি কাটাতে হলে ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২৪ ও ২৫ মে (রবি-সোমবার) ছুটি নিতে হবে। এর আগের দুদিন যথাক্রমে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাহলে দুদিন ছুটি নিতে পারলে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আগামী ২৬ মে (মঙ্গলবার) সকাল থেকে ৩০ মে (শনিবার) সন্ধ্যা পর্যন্ত দেশটিতে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মে সোমবারও দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরের দিন ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ পালন করা হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেয়।
সাধারণত, মধ্যপ্রাচ্যের এক দিন পরে বাংলাদেশে পালিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
