# চলতি সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক বদলি শুরু, যেসব বিষয়ে অগ্রাধিকার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-28
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/clti-sptahe-empioovukt-sikshk-bdli-suru-zesb-bishye-ogradhikar](https://dailyfulki.com/article/clti-sptahe-empioovukt-sikshk-bdli-suru-zesb-bishye-ogradhikar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/806.md](https://dailyfulki.com/news/806.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রম (পরীক্ষামূলক) চলতি সপ্তাহে শুরু হচ্ছে। প্রধান শিক্ষকদের তথ্য ইনপুটের সফটওয়্যার তৈরির কাজ শেষ। মঙ্গলবার (২৯ জুলাই) প্রধান শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সফটওয়্যার উন্মুক্ত করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র এ তথ্য জানিয়েছে।

মাউশির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে মাউশির ৯টি অঞ্চলের পাঁচ ক্যাটাগরির পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে। প্রতিষ্ঠানগুলোও চূড়ান্ত করা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহের পর সফটওয়্যারে কোনো ত্রুটি না থাকলে সফটওয়্যারটি সব স্কুল-কলেজের জন্য উন্মুক্ত করা হবে।

**মাউশির উপপরিচালক** (মাধ্যমিক) ইউনুছ ফারুকী বলেন, বদলি কার্যক্রম শুরুর জন্য আমাদের সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত।

প্রাথমিকভাবে আমরা পাইলটিং আকারে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আগামীকাল মঙ্গলবার অনলাইনে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। এরপর বদলির তথ্য ইনপুটের কার্যক্রম শুরু হবে।

তিনি আরো বলেন, পাইলটিংয়ের মাধ্যমে আমরা সফটওয়্যারের সক্ষমতা যাচাই করব।

সফটওয়্যারে কোনো সমস্যা দেখা দিলে সেটি সংশোধন করা হবে। কোনো সমস্যা না হলে পাইলটিং শেষে এ সফটওয়্যার সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে।

বদলির নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন। এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেখা যাবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সরকারি হাইস্কুলের জন্য ডায়নামিক ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষকদের বদলির জন্য বিশেষ সফটওয়্যার জুলাই মাসে চালু হতে যাচ্ছে।

বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্যাদি গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে। তাই সব শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
