# ধামরাইয়ে অবৈধ ৫ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-oboidh-5-itvatake-30-lakh-taka-jrimana](https://dailyfulki.com/article/dhamraye-oboidh-5-itvatake-30-lakh-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8055.md](https://dailyfulki.com/news/8055.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযানে এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস এবং আইএনসি-১ ব্রিকসকে ৬ লাখ টাকা করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের ৫টি ইটভাটায় পরিদর্শন ও অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব ভাটাকে আর্থিক জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছা. জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস. এম. মনজুর-উল-আলম। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে অংশ নেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
