# ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, চলতে পারে আরও ৩ দিন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-21
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/14-jelay-biche-tapprbah-clte-pare-aroo-3-din](https://dailyfulki.com/article/14-jelay-biche-tapprbah-clte-pare-aroo-3-din)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7901.md](https://dailyfulki.com/news/7901.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বৈশাখের দ্বিতীয় সপ্তাহর শুরুতে দেশের ১৪ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২১ এপ্রিল) অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর,লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘চলমান তাপপ্রবাহ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, সেদিন দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে।’

গ্রীষ্মের শুরুর এ সময়ে স্বাভাবিক প্রক্রিয়ায় তাপপ্রবাহ বইছে জানিয়ে তিনি বলেন, ‘গত তিন বছর বাংলাদেশে গ্রীষ্মকাল ছিল শতাব্দীর উষ্মতম। সে তুলনায় আবহাওয়া এ বছর যথেষ্ট সহনশীল।’

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিনভর রোদের উত্তাপ ছিল রাজধানী ঢাকাতেও। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেছেন পথচারী আর শ্রমজীবী মানুষ। ঢাকায় এদিন তাপমাত্রার পারদ উঠেছে সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে। এ জেলায় তাপমাত্রার পারদ ওঠে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, বুধবার ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
