# দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে নতুন শর্ত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-21
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/daooraye-hadis-preekshar-nibndhne-ntun-srt](https://dailyfulki.com/article/daooraye-hadis-preekshar-nibndhne-ntun-srt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7900.md](https://dailyfulki.com/news/7900.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : কাওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন সংক্রান্ত শর্তাবলিতে নতুন নির্দেশনা দিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বোর্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়।

পোস্টে বলা হয়, ১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের জন্য নির্ধারিত একাধিক শর্ত পূরণ করা বাধ্যতামূলক। এর মধ্যে অন্যতম হলো, শরহে বেকায়া (সানাবিয়্যা উলইয়া সানিয়া) এবং মেশকাত (ফজিলত সানিয়া) জামাতের মধ্যে মধ্যবর্তী শ্রেণিতে অন্তত এক বছর অধ্যয়ন নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ৬ বোর্ডের যেকোনো একটি বোর্ড থেকে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) এবং ফজিলত সানিয়া (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া ও ফজিলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়ার শর্ত রাখা হয়েছে।

এছাড়া শরহে বেকায়া ও মেশকাত জামাতের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, এই দুই জামাতের মাঝে অন্তত এক বছর হেদায়া ও জালালাইন জামাতে পাঠগ্রহণ থাকতে হবে।

হাইআর চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা এ বিজ্ঞপ্তিতে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
