# জাবি’র বাসচালককে মারধর, তেল পাম্পে এসে শিক্ষার্থীদের বিক্ষোভ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-21
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabir-bascalkke-mardhr-tel-pampe-ese-sikshartheeder-bikshov](https://dailyfulki.com/article/jabir-bascalkke-mardhr-tel-pampe-ese-sikshartheeder-bikshov)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7895.md](https://dailyfulki.com/news/7895.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি বাসের চালককে মারধরের ক্যাম্পাস থেকে একদল শিক্ষার্থী ঢাকায় গিয়ে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৪টারদিকে ঢাকার আসাদ গেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশন নামের একটি ফিলিং স্টেশনে তারা বিক্ষোভ করেন। পরে পুলিশের আশ্বাসে তারা ক্যাম্পাসে ফেরেন।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত ১০টারদিকে বঙ্গবাজার থেকে ক্যাম্পাসের উদ্দেশে ফিরছিল বাসটি। আসাদ গেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে আসা চালকরা বিশৃঙ্খলভাবে দাঁড়ানো ছিলেন। এতে বাসটি যানজটে আটকে থাকে। বাসচালক সাগর হোসেন বাস থেকে নেমে এক মোটরসাইকেলচালকের সঙ্গে কথা বলেন। ওই মোটরসাইকেল চালক সাগর হোসনকে গালিগালাজ করলে বাগবিতণ্ডা হয়।

আচমকা কয়েকজন অজ্ঞাত তরুণ (মোটরসাইকেলে তেল নিতে আসা) এসে বাসচালক সাগরকে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকেও মারধর করার চেষ্টা করা হয়।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। রাত ৩টারদিকে বিশ্ববিদ্যালয় থেকে একটি বাসে করে শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান এবং অপরাধীদের শাস্তি দাবি করে বিক্ষোভ করেন। পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও রমনা জোনের ডিসি এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
এ বিষয়ে বিক্ষোভে অংশ নেওয়া শাখা ছাত্রদলের সদস্য ও রসায়ন বিভাগের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চালককে যেভাবে মারধর করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে আমরা ঢাকায় গিয়ে বিক্ষোভ করেছি। যদি পুলিশ তাদের গ্রেফতার না করতে পারে, তাহলে আমরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবো।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর পরিবহনবিষয়ক সম্পাদক তানভীর রহমান।
বাসচালক সাগর হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, আসাদ গেট পাম্পে বাইকাররা রাস্তা বন্ধ করে রেখেছিলেন। চালক যখন তাদের রাস্তা একটু ছেড়ে দিতে বলেন, তখন তারা গালিগালাজ করেন। এরপর চালক বাস থেকে নামলে তারা মিলে তাকে মারধর করেন। সাগর বেশ আহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হবে।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং তিনি একমত। সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
