# সাভার ও মানিকগঞ্জসহ এসএসসির পাঁচ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে যে চিত্র দেখলেন শিক্ষামন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-21
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-oo-manikgnjsh-esessir-pannc-preeksha-kendr-pridrsn-kre-ze-citr-dekhlen-sikshamntree](https://dailyfulki.com/article/savar-oo-manikgnjsh-esessir-pannc-preeksha-kendr-pridrsn-kre-ze-citr-dekhlen-sikshamntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7894.md](https://dailyfulki.com/news/7894.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষা দেখতে ঢাকা, সাভার ও মানিকগঞ্জ মিলিয়ে পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে কেবল একটি কেন্দ্রে এক ছাত্র আরেকজন ছাত্রের খাতা দেখছিল, যা নিয়ে সাবধান করা হয়েছে। এ ছাড়া বাকি চারটি কেন্দ্রের পরিবেশই ভালো ও সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে।

আজ মঙ্গলবার এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী পাঁচ কেন্দ্র পরিদর্শনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, তাঁর ঘুরে আসা কেন্দ্র ছাড়াও সারা দেশে খবর নিয়েছেন। সব বোর্ডের চেয়ারম্যানেরা বলেছেন পরীক্ষা সুন্দরভাবে হচ্ছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্নপত্র ফাঁস হওয়ার আদৌ কোনো আশঙ্কা নেই এবং হয়নিও।

 

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। গতবারের তুলনায় এবার ৭৯ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী কমেছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখের বেশি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজারের বেশি। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল এমন পাঁচটি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন তিনি। প্রথমে গিয়েছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জয়মন্টপ উচ্চবিদ্যালয় কেন্দ্র। তিনি বলেন এখানে এক ছাত্র আরেকজন ছাত্রের খাতা দেখছিল। শিক্ষক সামান্য অমনোযোগী ছিলেন। তিনি সাবধান করে দিয়ে এসেছেন। ম্যাজিস্ট্রেটকেও বলেছেন এ বিষয়ে সাবধান করতে।

 

মানিকগঞ্জের আরেকটি কেন্দ্র পরিদর্শনের চিত্র তুলে ধরেন শিক্ষামন্ত্রী বলেন এটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এই পরীক্ষা কেন্দ্রে সুন্দর পরীক্ষা হচ্ছে। অভিভাবকেরা অত্যন্ত সহনশীল।

পরিদর্শন করা আরেকটি কেন্দ্র হলো সাভারের তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয়। মন্ত্রী বলেন, সেখানেও খুব সুন্দর পরিবেশ। এরপর আমিনবাজার এলাকার আরেকটি কেন্দ্র পরিদর্শনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন এখানেও সুন্দর পরিবেশ।

সর্বশেষ মিরপুরের পাইকপাড়ার মডেল একাডেমি স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সেখানেও দেখলাম খুব সুন্দর পরীক্ষা হচ্ছে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
