# এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-20
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/empioovukt-sikshkder-bdli-niye-ntun-tthz](https://dailyfulki.com/article/empioovukt-sikshkder-bdli-niye-ntun-tthz)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7864.md](https://dailyfulki.com/news/7864.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এমপিওভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানসহ সব কর্মচারীকে এক সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে বদলির আওতায় আনতে যাচ্ছে সরকার। এই কার্যক্রমে ২০ এপ্রিল বদলি সফটওয়্যারের লাইভ হবে। সফটওয়্যারটি ওয়েবসাইটে দেওয়া হবে। এরপর থেকে শিক্ষকদের তথ্য এন্ট্রি করা যাবে।

রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে সভায় বদলির সফটওয়্যারেও আপডেট আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের ব্যাপারে তাগিদ দেওয়া হয়।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড। শিগগিরিই সংশোধিত নীতিমালা প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
