# বাংলাদেশের সিরিজ রক্ষার মিশন আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-20
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bangladeser-sirij-rkshar-misn-aj](https://dailyfulki.com/article/bangladeser-sirij-rkshar-misn-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7861.md](https://dailyfulki.com/news/7861.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তুলনামূলকভাবে কম শক্তিশালী দল নিউজিল্যান্ডের কাছে হেরে সমালোচনার মুখে পড়েছে মিরাজ বাহিনী। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ সফরকারীদের হারিয়ে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। ম্যাচের আগে গতকাল অনুশীলনেও সিরিয়াস ছিলেন শান্ত, মিরাজ, লিটন, তাসকিনরা।

 

ম্যাচের আগে গতকাল দলীয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন পেসার শরীফুল ইসলাম। মোস্তাফিজুর রহমানের ইনজুরির কারণে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। সুযোগটিও ভালোভাবে কাজে লাগিয়েছিলেন তিনি। সিরিজ জয়ের দৌড়ে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে কামব্যাকে মরিয়া টাইগাররা। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে শরীফুল বলেন, 'মাত্র এক ম্যাচ গেছে, দুই ম্যাচ বাকি। আমাদের আত্মবিশ্বাস আছে, যে আমরা কামব্যাক করব ইনশাআল্লাহ। আমাদের সেরা ক্রিকেটটা কিন্তু প্রথম ম্যাচে খেলতে পারিনি। যদি সেরা ক্রিকেটটা দিতে পারি আমরা কামব্যাক করে সিরিজ জিতব।'

 

প্রথম ম্যাচে বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হারে বাংলাদেশ। শরীফুল জানান, ঘুরে দাঁড়াতে সবাই চেষ্টা করে যাচ্ছে। বলেন, 'অবশ্যই তারা মিডল অর্ডার নিয়ে কাজ করেছে। হয়তো বেশির ভাগ সময়ে ফেল করছে। তবুও আশা থাকে। জীবনে সবাই সবসময় কিন্তু ব্যর্থ হয় না, সাফল্য আছে। সেই চেষ্টাতেই সবাই চেষ্টা করে যাচ্ছে।'

 

এই টাইগার পেসার ম্যাচ হারের দায় নিলেন নিজের কাঁধেও। বলেন, 'শেষ ম্যাচটা আমি, রিশাদ যদি ভালো করতে পারতাম ব্যাটিংয়ে, তাহলে ম্যাচটা একটু গভীরে নিয়ে যেতে পারতাম। আমাদের জন্যই মনে হয় ম্যাচটা তাড়াতাড়ি হেরে গেছি।' নিউজিল্যান্ড তাদের 'বি' দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। তবে তা মানতে রাজি নন এই টাইগার পেসার। বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দল বলে কিছু হয় না। আন্তর্জাতিক দল মানে আন্তর্জাতিক দলই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেই আন্তর্জাতিক পর্যায়ে এসেছে। দ্বিতীয়ত, এখনো আমাদের হাতে দুটি ম্যাচ আছে। সেই সামর্থ্য আমাদের আছে, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াব। যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে পারলে সিরিজ জিতব।'

শুধু সিরিজ জেতা নয়, ২০২৭ বিশ্বকাপকে মাথায় রাখলে প্রতিটি ম্যাচ এবং প্রতিটি পয়েন্টই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টি মানেন শরীফুলও। বলেন, 'ওয়ানডে প্রতিটি ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ, পয়েন্টের জন্য। এখানে সেরা দলটাই খেলবে। ম্যাচ ফিটনেস বা বোলিং ওয়ার্কলোডের ব্যাপার আছে। সব চিন্তা করে রোটেশন করে খেলানো হয়। সবাই ম্যাচ খেলতে পারলে সবার জন্যই ভালো।'

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে শরীফুল আশাবাদী। বলেন, 'একটা ম্যাচে আমরা হয়তো ভুল করেছি। তারাও ভালো দল, আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যে কোনো কিছু হতেই পারে।'

দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন শরীফুল। নিজেকে নিয়ে আলাদা করে তিনি বলেন, 'সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলাম। চ্যাম্পিয়নস ট্রফিতেও দলের বাইরে ছিলাম। আমি সবসময় মনে করতাম, আমি আমার বেসিক কাজগুলো করে যাব। যখন সুযোগ আসবে, আলহামদুলিল্লাহ, বেসিক কাজগুলো ঠিকভাবে করতে পারলে ভালো পারফর্ম করতে পারব। আমি নিজের সঙ্গে লড়াই করে গেছি। যখন সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালো করার।'

প্রথম ম্যাচের আগে অনুশীলনে ডান পায়ের হাঁটুতে হালকা চোট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শরীফুল জানান, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। তবে আজকের ম্যাচে ফিজকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। টিম সূত্রে জানা গেছে, তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল। এ কারণে আজকের ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হতে পারে। অন্যদিকে আজকের ম্যাচটি বিশেষ হতে যাচ্ছে লিটন দাসের জন্য। কারণ, আজ তিনি নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
