# ফুটপাতে ব্যবসা করতে লাগবে সিটি করপোরেশনের অনুমতি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-15
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/futpate-bzbsa-krte-lagbe-siti-krporesner-onumti](https://dailyfulki.com/article/futpate-bzbsa-krte-lagbe-siti-krporesner-onumti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7765.md](https://dailyfulki.com/news/7765.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকার ফুটপাতগুলোকে পথচারী চলাচলের উপযোগী রাখতে এবং হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে তালিকাভুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে ‘নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ডিএসসিসি প্রশাসক জানান, ফুটপাতে ব্যবসা করতে হলেও এখন থেকে সিটি করপোরেশনের অনুমতি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি বলেন, ‘যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।

নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে জনগণ এবং সিটি করপোরেশনকে সমানভাবে কাজ করতে হবে।’
তিনি আরো জানান, হকাররা কোথায় বসবেন এবং কতটুকু জায়গা ব্যবহার করবেন, তার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে।

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপ সম্পন্ন করা হবে বলে জানান প্রশাসক। তিনি উল্লেখ করেন, অল্প জায়গায় যেন অতিরিক্ত দোকান না বসতে পারে, সেটি নিশ্চিত করাই এই জরিপের মূল লক্ষ্য।

ঢামেক হাসপাতালের সামনের উদ্ধার করা ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
শহরকে পরিষ্কার রাখা এবং এডিস মশা নির্মূলে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখতে হবে। রাজপথে কেউ ময়লা ফেলব না—এই শপথ প্রতিটি নাগরিককে নিতে হবে। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
