# সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srkari-krmkrtader-bari-garish-9-khate-bzz-kmal-srkar](https://dailyfulki.com/article/srkari-krmkrtader-bari-garish-9-khate-bzz-kmal-srkar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7726.md](https://dailyfulki.com/news/7726.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় ৯টি ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে পরিপত্র জারি করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে আনুষ্ঠানিকভাবে পরিপত্র জারি করল মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারের পরিচালন ব্যয় কমাতে নিচের নির্দেশনাগুলো বহাল থাকবে।

১. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।

২. সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।

৩. প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।

৪. সভা বা সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সেমিনার বা কনফারেন্স ব্যয় ২০ শতাংশ কমাতে হবে।

৫. ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে।

৬. সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ কমাতে হবে।

৭. সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।

৮. আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে।

৯. ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ কমাতে হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
