# বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-13
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biswbajare-swrner-dame-ptn-dese-vri-kt](https://dailyfulki.com/article/biswbajare-swrner-dame-ptn-dese-vri-kt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7702.md](https://dailyfulki.com/news/7702.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে এ পতন ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়।

দিনের শুরুতে এটি ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। আর জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে আসে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা ধাক্কা খেয়েছে। এর ফলে ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণ আবারও চাপে পড়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে।

ওয়াটারার আরও বলেন, ‘তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর সম্ভাবনা সামনে আসে। আর এই সুদের হার সংক্রান্ত প্রত্যাশাই স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলছে।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একইভাবে প্লাটিনামের দামও ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
