# এয়ারপোর্ট-গাজীপুর ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব:সংসদে সড়ক মন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eyarport-gajeepur-35-minite-zatayat-smvbsngsde-srk-mntree](https://dailyfulki.com/article/eyarport-gajeepur-35-minite-zatayat-smvbsngsde-srk-mntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7590.md](https://dailyfulki.com/news/7590.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্প চালু হলে রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর যেতে সময় লাগবে মাত্র ৩৫ থেকে ৪০ মিনিট,এমনটাই জানানো হয়েছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী শেখ রবিউল আলম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সরকার জানায়, ঢাকা-১৮ এলাকার যানজট নিরসনে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বনানী ওভারপাস থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়ক উন্নয়ন, বলাকা ভবন ও তৃতীয় টার্মিনাল সংলগ্ন এলাকায় সড়ক প্রশস্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে।

ঢাকা মেট্রোরেল-এর অংশ হিসেবে এমআরটি লাইন-১ এর কাজ চলছে। এয়ারপোর্ট থেকে কুড়িল পর্যন্ত এই লাইন চালু হলে রাজধানীর উত্তরাঞ্চলের যানজট অনেকটাই কমবে।

২০৩০ সালের মধ্যে একাধিক মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে।
এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত ২০.৫ কিলোমিটার দীর্ঘ বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। এই সড়ককে ৮-লেনে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি ৮টি ফ্লাইওভার ও প্রায় ৪.৫ কিমি উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে মাত্র ৩৫-৪০ মিনিটেই এই রুট পাড়ি দেওয়া যাবে।

যাত্রীসেবার মান বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর মাধ্যমে ৩৪০টি সিএনজিচালিত একতলা এসি বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস চালু হলে উত্তরা, এয়ারপোর্ট ও খিলক্ষেত রুটে আধুনিক গণপরিবহন সুবিধা বাড়বে।

সরকারের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে শুধু ঢাকা-১৮ নয়, পুরো উত্তর ঢাকার যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত, আরামদায়ক ও যানজটমুক্ত হবে। প্রতিদিনের ভোগান্তি কমে নাগরিক জীবনেও আসবে স্বস্তি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
