# জাকসুর ব্যানারে সেমিনার, আপত্তি ভিপির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-08
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksur-bzanare-seminar-aptti-vipir](https://dailyfulki.com/article/jaksur-bzanare-seminar-aptti-vipir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7582.md](https://dailyfulki.com/news/7582.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে সংগঠনটির ভেতর মতবিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাকসুর পক্ষ থেকে ৯ এপ্রিল বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘গণভোট অস্বীকার ও অধ্যাদেশ বাতিলের রাজনীতি : সংসদীয় স্বৈরতন্ত্রে প্রবেশ এবং সংকটের পথে দেশ’ শীর্ষক একটি সেমিনার আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেমিনারে আলোচক হিসেবে থাকবেন এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাবির সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দিলারা চৌধুরী, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম, এনসিপির যুগ্ম সদস্যসচিব সাঈফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং বিতার্কিক ও অ্যাক্টিভিস্ট জাহিদুল ইসলাম।

তবে এ আয়োজন নিয়ে আপত্তি তুলেছেন জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।

তিনি বলেন, জাকসু একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও মতামত থাকা উচিত।

তার অভিযোগ, এই সেমিনার আয়োজনের ক্ষেত্রে জাকসুর কোনো আনুষ্ঠানিক সভা হয়নি এবং সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনাও করা হয়নি। গেস্ট নির্বাচন, বাজেট নির্ধারণ, সময়সূচি চূড়ান্তকরণ কিংবা আয়োজনের উদ্দেশ্য, কোনো বিষয়েই সম্মিলিত সিদ্ধান্তের প্রমাণ নেই।

ভিপির দাবি, এ বিষয়ে জাকসুর সভাপতি বা অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং তাকে বা সভাপতিকে অবহিত না করেই একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ ধরনের কর্মকাণ্ড জাকসুর গণতান্ত্রিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এটি একটি বৃহৎ প্ল্যাটফর্মকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে ব্যবহারের ইঙ্গিত দেয়।

 

জিতু বলেন, ‘জাকসুর ব্যানারে কোনো আয়োজন করতে হলে গঠনতন্ত্র মেনে সবার অংশগ্রহণে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় সংশ্লিষ্টরা দলীয় ব্যানারে এ ধরনের আয়োজন করতে পারেন না।

 

অন্যদিকে আয়োজকদের একজন ও জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব ভিপির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সেমিনারের বিষয়ে শুরুতেই ভিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানান।

এদিকে এ সেমিনারকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। এতে তারা অভিযোগ করেন, জাকসুকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অপচেষ্টা চলছে।

স্মারকলিপিতে জাকসুর নাম ও প্ল্যাটফর্ম ব্যবহার করে দলীয় কার্যক্রম বন্ধ, আগের ঘটনার তদন্ত এবং সংগঠনের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, ‘জাকসুকে একটি নির্দিষ্ট গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।’

তার অভিযোগ, প্রস্তাবিত সেমিনারের শিরোনাম থেকেই রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়। তিনি প্রশাসনকে এই আয়োজন বন্ধ করার আহ্বান জানান এবং তা না হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
