# আশুলিয়ায় ছিনতাইকারীদের গুলিতে ২ যুবক গুলিবিদ্ধ: দু’ লাখ টাকা ছিনতাই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-chintaikareeder-gulite-2-zubk-gulibiddh-du-lakh-taka-chintai](https://dailyfulki.com/article/asuliyay-chintaikareeder-gulite-2-zubk-gulibiddh-du-lakh-taka-chintai)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7580.md](https://dailyfulki.com/news/7580.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় ছিনতাইকারীদের গুলিতে মো. আল আমিন (৩০) ও মো. পারভেজ (২২) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ দু’ লাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে গুলির বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। এরআগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সকালে জামগড়া কান্দাইল রাজা-বাদশা মোড় ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ আল আমিনের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কড্ডা মোড় কান্দাপাড়া গ্রামে। তিনি পেশায় তৈরি পোশাক কারখানার সাব-কন্ট্রাক্টর। অন্যদিকে, পারভেজ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নওগাঁ বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় এক পোশাক দোকানের কর্মচারী। তারা বর্তমানে আশুলিয়া এলাকায় বসবাস করেন।

আহত আল আমিনের ভাই মুস্তাফিজ জানান, আল আমিন ও পারভেজ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। সকাল সাড়ে ৯টারদিকে তারা জামগড়া এলাকার একটি হোটেল থেকে নাস্তা সেরে মালামাল কেনার উদ্দেশ্যে ঢাকার চকবাজারের পথে রওনা হন। তারা জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের কাছে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের হাসপাতালে ভর্তির নির্দেশ দেন।

জামগড়া রাজা-বাদশা মার্কেটের স্থানীয় বাসিন্দা সালাম মৃধা বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে এরকম একটি ঘটনা ঘটেছে শুনেছি । মার্কেট থেকে সামনে এগিয়ে ঈদগাহ মোড়ে একটি হোটেল আছে সেখানে ঘটেছে। ওই সময় হোটেল খোলা ছিল। ওরা সব দেখেছে আর আমরা এলাকার অনেক মানুষই গুলির শব্দ শুনেছি। প্রায় পাঁচ বার শব্দ শুনেছি আমি। আর লোকোমুখে শুনেছি এ সময় পারভেজ মোটরসাইকেল চালিয়ে গিয়েছে এখান থেকে। এই পারভেজকে এর আগে আমিও কালাম মাদবরসহ মাদকসহ ধরে কালাম মাদবরের অফিসে এনেছিলাম। ওর বাবার নাম ফালু। তার প্রধান ব্যবসা হচ্ছে ইয়াবা ও গাঁজা বিক্রি করা’। তবে ওই ঘটনায় কে যে গুলি করেছে কাকে করেছে এটা আসলে কেউই বলতে পারেনা। তবে ঘটনার আগে তারা ওই হোটেলে খাওয়া দাওয়া করেছে’।

আরেক স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ভোর ছয়টার দিকে ঘটনাটি ঘটেছে সাটারে পাঁচটা গুলি করেছে শাটারে পাঁচটা গুলির চিহ্ন আমরা দেখেছি, ওইখানে এখন পুলিশ ভরা, ঘটনার পরপর সকালে পুলিশ এসেছে ঐখনো তিনজন পুলিশ এখানো বসা আছে, একজন এসআই কে সামনে দেখলাম আর দুজন কনস্টেবল দেখলাম একজন ভিতরে বসা সে এসআই হতে পারে। আমি রানিং এ আসার সময় দেখে আসলাম ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান,গুলির ঘটনাটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
