# ইনজুরি থেকে ফিরেই জোড়া গোল রোনালদোর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-04
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/injuri-theke-firei-jora-gol-ronaldor](https://dailyfulki.com/article/injuri-theke-firei-jora-gol-ronaldor)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7438.md](https://dailyfulki.com/news/7438.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ইনজুরি কাটিয়ে প্রত্যাবর্তনের মঞ্চেই আলো ছড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে আল নাসরের দাপুটে জয়ে জোড়া গোলে অবদান রেখেছেন তিনি। আল নাসর জিতেছে ৫-২ গোলে।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর আল নাসরের শুরুর একাদশে ফিরেছেন রোনালদো। ফিরেই প্রভাব রেখেছেন। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন তিনি। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই দুই গোলে আবার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-তে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি।

অন্যদিকে, সাবেক লিভারপুল তারকা সাদিও মানে ম্যাচটায় জোড়া গোল করেছেন। দুই অর্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলের ৫-২ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘ফিরে এসে ভালো লাগছে। একসঙ্গে এগিয়ে যাবো আমরা!’

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল নাসর দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেছে। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর প্রথম বড় শিরোপার খোঁজে আছেন রোনালদো। তবে এক ম্যাচ কম খেলা আল হিলাল শনিবার আল তাওউনের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচে জয় পেলে ব্যবধান আবার ৩ পয়েন্টে নামিয়ে আনার সুযোগ থাকবে তাদের সামনে।

ইনজুরিতে ক্লাবের হয়ে তিনটি লিগ ম্যাচ মিস করার পাশাপাশি চিকিৎসার জন্য স্পেনে অবস্থান করা রোনালদো পর্তুগালের হয়েও খেলতে পারেননি। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি।

বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তৃতীয় স্থানে আছেন রোনালদো। শীর্ষে থাকা ইভান টোনির চেয়ে দুই গোল পিছিয়ে আছেন সিআরসেভেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
