# আজ খোলা প্রাথমিক বিদ্যালয়, সামনের ৯ শনিবারও সাপ্তাহিক ছুটি বাতিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-04
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aj-khola-prathmik-bidzaly-samner-9-snibaroo-saptahik-chuti-batil](https://dailyfulki.com/article/aj-khola-prathmik-bidzaly-samner-9-snibaroo-saptahik-chuti-batil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7432.md](https://dailyfulki.com/news/7432.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিরপোর্টার : শিখন ঘাটতি কাটাতে আজ সাপ্তাহিক ছুটির দিনেও সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রেখে ক্লাস করানো হবে। রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে পিছিয়ে পড়া পাঠসূচি নির্ধারিত সময়ে শেষ করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু তাই নয় বরং এর অংশ হিসেবে আজকের পর আরও টানা ৯টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয়গুলোতে ছুটি থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে ছুটির পরবর্তী ১০টি শনিবার শ্রেণি কার্যক্রম চালু রাখতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী সিলেবাস শেষ করা জরুরি। দীর্ঘ ছুটির কারণে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শেখার ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ছুটির পর থেকে পুরোদমে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বছর রমজান ও ঈদের ছুটি শুরুর কথা ছিল ৮ মার্চ থেকে। তবে হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তী সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগেই ছুটি শুরু হয়ে প্রায় ৩৭ দিনের দীর্ঘ বিরতি তৈরি হয়।

নির্ধারিত ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্লাস শুরু হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক স্তরে আগামী ১০ সপ্তাহ শনিবারের ছুটি স্থগিত থাকবে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
