# ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা–ব্রাজিলের সঙ্গে একধাপ পেছাল বাংলাদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-02
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fifa-rzankingye-arjentina-brajiler-sngoe-ekdhap-pechal-banglades](https://dailyfulki.com/article/fifa-rzankingye-arjentina-brajiler-sngoe-ekdhap-pechal-banglades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7393.md](https://dailyfulki.com/news/7393.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হারের মাশুল দিতে হলো বাংলাদেশকে। মাঠের পারফরম্যান্সে উন্নতির ছাপ থাকলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে হামজা চৌধুরীদের। ফিফার হালনাগাদ করা তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান এখন ১৮১তম। তবে কেবল বাংলাদেশই নয়, র‍্যাঙ্কিংয়ের এই বড় রদবদলে ধাক্কা খেয়েছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলও।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেদের দুর্দান্ত ফর্মের ওপর ভর করে দুই ধাপ এগিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে ফরাসিরা। সাম্প্রতিক ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারানোর সুবাদেই স্পেনকে সরিয়ে এক নম্বর আসন দখল করেছে তারা। অন্যদিকে শীর্ষস্থান হারিয়ে এক ধাপ নিচে অর্থাৎ দুই নম্বরে নেমে গেছে স্পেন।

এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য সময়টা কিছুটা দুঃসংবাদের। লিওনেল মেসিদের অবস্থান দুই থেকে তিনে নেমে গেছে। লাতিন আমেরিকান আরেক পরাশক্তি ব্রাজিলও সুবিধা করতে পারেনি। ভিনিসিয়ুস জুনিয়রদের দল পাঁচ থেকে নেমে এখন ছয় নম্বরে অবস্থান করছে। শীর্ষ পাঁচের চতুর্থ স্থানটি ধরে রেখেছে টমাস টুখেলের প্রশিক্ষণাধীন ইংল্যান্ড। তবে এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ছয় নম্বরে থাকা ব্রাজিলের পরের চারটি স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
