# সিংগাইরে ফসলি জমি থেকে মাটিকাটায় ৩ জনকে কারাদণ্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-01
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-fsli-jmi-theke-matikatay-3-jnke-karadnd](https://dailyfulki.com/article/singgaire-fsli-jmi-theke-matikatay-3-jnke-karadnd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7377.md](https://dailyfulki.com/news/7377.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মানিকদহ চক এলাকায় একটি এস্কেভেটর দিয়ে মাটি কাটার কাজ এবং একটি ট্রলিতে মাটি পরিবহনের প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে আশরাফ আলী মোল্লার ছেলে মোঃ রনি মোল্লা (২৬)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাখন বিশ্বাসের ছেলে মোঃ মারুফ হোসেন (২৪) এবং আঃ ছাত্তারের ছেলে মোঃ লুৎফর রহমান (২৮)কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর এবং একটি ট্রলি জব্দ করে অকেজো করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় তাকে সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে ফসলি জমি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
