# ধামরাইতে ৫ অবৈধ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-31
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraite-5-oboidh-itvatake-25-lakh-taka-jrimana](https://dailyfulki.com/article/dhamraite-5-oboidh-itvatake-25-lakh-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7345.md](https://dailyfulki.com/news/7345.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও বিভিন্ন অনিয়মে ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ঘোড়াকান্দা, শ্রীরামপুর, কালামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 
এ সময় সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকায় এস কে ব্রিকস, সিকো ব্রিকস, মেসার্স কালাম ব্রিকস, মেসার্স সততা ব্রিকস (৩) ও মেসার্স পাওয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বায়ুদূষণরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. জেসমিন আক্তার, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন, পরিদর্শক এস এম মনজুর-উল-আলমসহ পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
