# নড়াইলে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-29
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nraile-tel-na-peye-pamper-mzanejarke-trakcapay-htza](https://dailyfulki.com/article/nraile-tel-na-peye-pamper-mzanejarke-trakcapay-htza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7277.md](https://dailyfulki.com/news/7277.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নড়াইল সংবাদদাতা : নড়াইলে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে পেট্রল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছেন পাম্পের আরেক কর্মী।

শনিবার রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে জানান নড়াইল থানার ওসি মো. ওলি মিয়া।

নিহত নাহিদ সর্দার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে ও মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ও আহত জিহাদুল ইসলাম (২৭) তুলারামপুর গ্রামের জহুরুল মোল্লার ছেলে।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদদীন বলেন, “সুজাত নামের এক ট্রাকচালক পাম্পে তেল নিতে আসে কিন্তু তেল না থাকায় তাকে আমরা দিতে পারিনি। এ নিয়ে নাহিদ ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

“একপর্যায়ে ওই ট্রাকচালক রেগে গিয়ে বলে ‘তোদের পাম্পে তেল আছে, তুই দিচ্ছিস না; তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব’।”

পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, “নাহিদ ভাইকে ট্রাকচাপার হুমকি দিয়ে চালক পাম্পেই অবস্থান করছিল। রাত আনুমানিক সোয়া ২টা দিকে নাহিদ ভাই পাম্পের কাজ সেরে তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। এ সময় সুজাতও ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়।

“এ নিয়ে আমাদের সন্দেহ হলে আমি আর ক্যাশিয়ার জসিমউদ্দীন ভাই মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে যাই, গিয়ে দেখি নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাকটি নিয়ে চলে যাচ্ছে চালক।”

এ ঘটনায় নাহিদ ঘটনাস্থলেই নিহত হয় এবং জিহাদুল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নড়াইল থানা পুলিশের ওসি মো. ওলি মিয়া বলেন, “পাম্পসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে তেল নিয়ে বিতণ্ডা থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবুও পূর্বের কোনো বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

নাহিদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার পক্রিয়া ও তদন্ত চলমান আছে, দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
