# জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabi-chatree-sarmeen-htza-swamee-fahim-rimand-seshe-karagare](https://dailyfulki.com/article/jabi-chatree-sarmeen-htza-swamee-fahim-rimand-seshe-karagare)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7271.md](https://dailyfulki.com/news/7271.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম আবর্তনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমীন জাহানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী ও ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুই দিনের রিমান্ড শেষে ফাহিমকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে, গত ১৫ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইসলামনগর এলাকায় একটি বাসা থেকে শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ওই রাতেই অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে গত ২৪ মার্চ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ফাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
