# সাভারে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, তিন সন্তানসহ আটক নারী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-26
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-jateey-smrritisoudhe-jy-bangla-jy-bngobndhu-slogan-tin-sntansh-atk-naree](https://dailyfulki.com/article/savare-jateey-smrritisoudhe-jy-bangla-jy-bngobndhu-slogan-tin-sntansh-atk-naree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7221.md](https://dailyfulki.com/news/7221.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে স্লোগান দেওয়ার অভিযোগে তিন সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মোসা. তাহমিনা আক্তার নামে ওই নারীকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা তিন সন্তানও উপস্থিত ছিল।

আটক তাহমিনা আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করছেন। আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করলেও বর্তমানে তিনি কর্মহীন। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

তার ভাষ্য অনুযায়ী, তিনি সকালে বাসে করে তিন সন্তানকে সঙ্গে নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। সন্তানদের তিনি স্বেচ্ছায় সঙ্গে এনেছেন বলেও জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, ওই নারী আওয়ামী লীগের নামে লিফলেট বহন করছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে তার সঙ্গে থাকা শিশুদের আটক করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
