# দৌলতদিয়া ফেরিঘাটে হৃদয়বিদারক দুর্ঘটনায় জামায়াতের গভীর শোক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-25
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/doultdiya-ferighate-hrridybidark-durghtnay-jamayater-gveer-sok](https://dailyfulki.com/article/doultdiya-ferighate-hrridybidark-durghtnay-jamayater-gveer-sok)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7210.md](https://dailyfulki.com/news/7210.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন পর্যন্ত ৪ জন নিহত এবং অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৫ মার্চ) এক শোক বিবৃতিতে বলেন, বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেলে এই বিবৃতি লেখা পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আমি এই মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক, বেদনা ও উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ও অসহায়তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার তৎপরতা চালানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এই দুর্ঘটনার পেছনে গাফিলতি, অব্যবস্থাপনা কিংবা দায়িত্বহীনতার বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখার লক্ষ্যে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, শুধু শোক প্রকাশ করলেই চলবে না, আমাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারানোর বেদনা সহ্য করতে না হয়। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
