# নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, দৌলতদিয়ায় বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-25
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/niyntrn-hariye-bas-ndeete-doultdiyay-brrishtite-uddhar-ovizan-bzht](https://dailyfulki.com/article/niyntrn-hariye-bas-ndeete-doultdiyay-brrishtite-uddhar-ovizan-bzht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7203.md](https://dailyfulki.com/news/7203.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। এতে এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে আসলেও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জন সাঁতরে পারে উঠতে পেরেছে বলে জানা গেছে। বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করার মুহূর্তে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যহত হয়েছে। টানা ৪০ মিনিটের বেশি সময় ধরে ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হয় ঘাট এলাকায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে, তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। এখন পর্যন্ত পানির নিচ থেকে বাসটি শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে স্বজনদের খোঁজে ঘাট এলাকায় অবস্থান করছে মানুষ। তারা স্বজনদের মরদেহ হাতে পাওয়ার আশায় প্রহর গুনছেন।

স্বজনদের অভিযোগ উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে তাৎক্ষণিক আসলেও উদ্ধার অভিযান শুরু করেনি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
