# ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যার , শ্যালক-শ্বশুরসহ আটক ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-zubkke-pitiye-htzar-szalk-swsursh-atk-5](https://dailyfulki.com/article/dhamraye-zubkke-pitiye-htzar-szalk-swsursh-atk-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7152.md](https://dailyfulki.com/news/7152.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শ্যালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাবু ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি রুপনগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি খেয়াঘাটের ম্যানেজার ছিলেন। আটকরা হলেন- নিহতের শ্বশুর হানিফ, তার ছেলে বাবু এবং স্থানীয় আরও তিনজন।

ধামরাই থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত সাবু দীর্ঘদিন ধরে মাদক তৈরি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। প্রায়ই তিনি মাদকাসক্তির জেরে বিভিন্ন ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তেন। ঈদের দিনেও তিনি মদপান করে বিকেলের দিকে সাভার গিয়ে মারধরের শিকার হন। রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে তাকে তাড়িয়ে দেন। একপর্যায়ে তার বাসার পাশেই শ্বশুর বাড়ি গিয়ে সেখানেও ঝগড়াঝাঁটি করে শ্বশুরের বসতঘরের টিনে কোপ দেন ও বিদ্যুতের মিটার ভেঙে দেন। একপর্যায়ে তার শ্বশুর ও শ্যালক তাকে মারধর করেন। এতে আহত হলে তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেখান থেকে শ্যালক-শ্বশুরসহ পাঁচজনকে আটক করা হয়।

নিহত সাবুর স্ত্রী বলেন, মাঝে মধ্যে মদ খেয়ে অনেক ঝগড়াঝাঁটি করত। মদ বানাইত। তাকে পরিকল্পিতভাবে মারেনি। কিন্তু আমি এটার বিচার চাই। আমার বাপ-ভাই মারার আগে ওপার (সাভার) থেকেও মার খেয়ে আসছিল, আবার হেরাও (শ্বশুর-শ্যালক) মারছে।  তারপর আমার বাবার বাড়ি এসে ঘরে কোপাকুপি করে, মিটার ভেঙে ফেলে। আমাকে বের করে তাড়িয়ে দিয়েছে। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক ও আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
