# ট্রাক-পিকআপে বাড়ি যাচ্ছে নিম্নআয়ের মানুষ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-18
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/trak-pikape-bari-zacche-nimnayer-manush](https://dailyfulki.com/article/trak-pikape-bari-zacche-nimnayer-manush)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7117.md](https://dailyfulki.com/news/7117.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাভারের শিল্পাঞ্চল ও এর আশপাশের এলাকার ঘরমুখো মানুষের স্রোত নামতে শুরু করেছে মহাসড়কে। তবে পর্যাপ্ত গণপরিবহনের অভাব এবং অতিরিক্ত ভাড়ার অজুহাতে এক শ্রেণির নিম্ন আয়ের মানুষ জীবনের চরম ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন।

সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা গেছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী শত শত যাত্রী মালবাহী ট্রাকে চড়ে গন্তব্যে রওনা হয়েছেন। বড় বড় ট্রাকে ত্রিপল বিছিয়ে তার ওপর নারী, পুরুষ ও শিশুদের তোলা হচ্ছে। আবার মালবাহী ট্রাকের উপর অনেককে মই দিয়ে উঠতে দেখা গেছে।

​যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসের টিকিট না পাওয়া অথবা টিকিটের আকাশচুম্বী দামের কারণেই তারা এই অনিরাপদ পথ বেছে নিয়েছেন। বিশেষ করে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকদের একটি বড় অংশ অল্প খরচে বাড়ি ফিরতে ট্রাক বা পিকআপ ভ্যানকে শেষ সম্বল হিসেবে দেখছেন।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, ​খোলা ট্রাকে বা মালামালের ওপর বসে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র রোদ, ধুলোবালি এবং মহাসড়কে দ্রুতগতির যানবাহনের মাঝে এভাবে যাতায়াত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। আমরা হাইওয়ে পুলিশ সর্বদা তৎপর। আজও কয়েকজনকে ট্রাকের উপর থেকে নামিয়ে দিয়েছি। মানুষ নিজেরা যদি সচেতন না হয় ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধ করা সম্ভব নয়।

এদিকে, মহাসড়কে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও মালবাহী ট্রাকের উপর উঠে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
