# গাজীপুরে কনস্টেবলকে স্যার ডেকে আটক ভুয়া নারী এসআই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-06
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-knsteblke-szar-deke-atk-vuza-naree-esai](https://dailyfulki.com/article/gajeepure-knsteblke-szar-deke-atk-vuza-naree-esai)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/71.md](https://dailyfulki.com/news/71.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী এসআইকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শনিবার (৫ জুলাই) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

আটক ভুয়া নারী এসআই তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া (২৭) নামের এক নারী। অভিযোগের আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দেন এবং একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয়। সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। পরে জানা যায়, তিনি ভুয়া পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপি’র পোশাকসহ পুলিশের ব্যবহারিত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেইসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে বা কোনো অপরাধে জড়িত ছিল কিনা — তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
