# সংসদের দর্শক সারিতে ড. ইউনূস-জুবাইদা রহমান-জাইমা রহমান-তিন বাহিনীর প্রধানরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-12
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sngsder-drsk-sarite-d-iunuus-jubaida-rhman-jaima-rhman-tin-bahineer-prdhanra](https://dailyfulki.com/article/sngsder-drsk-sarite-d-iunuus-jubaida-rhman-jaima-rhman-tin-bahineer-prdhanra)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7006.md](https://dailyfulki.com/news/7006.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দীর্ঘ দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থা পেরিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন সোপানে পদার্পণ করল বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংসদকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা।

অধিবেশনের শুরুতে এক নজিরবিহীন সাংবিধানিক পরিস্থিতির অবতারণা হয়। বিগত সরকারের পতনের পর স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাবকালে ১৯৭৩ সালের উদাহরণ টেনে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন। বর্তমান সংকটকালীন প্রেক্ষাপটে প্রবীণ এই সংসদ সদস্যের হাত ধরেই শুরু হলো সংসদের যাত্রা।

অধিবেশনের দর্শক সারিতে আজ দেখা গেছে বিশিষ্টজনদের এক অনন্য সমাহার। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে এই মাহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ বিদেশি কূটনীতিক ও দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সংসদ কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত নির্বাচন। সংবিধানের বিধান অনুযায়ী ফল ঘোষণার ৩০ দিনের মাথায় আজ এই অধিবেশন শুরু হলো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
