# সিংগাইর ছদ্মবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর চমকপ্রদ পরিদর্শন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-11
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgair-chdmbese-jnprsasn-prtimntreer-cmkprd-pridrsn](https://dailyfulki.com/article/singgair-chdmbese-jnprsasn-prtimntreer-cmkprd-pridrsn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6988.md](https://dailyfulki.com/news/6988.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ছদ্মবেশে উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জ. মো. আব্দুল বারী, এমপি।

বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে তিনি কোনো প্রটোকল ছাড়াই সরকারি গাড়ির পতাকা ঢেকে নীরবে সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের কার্যালয়ে প্রবেশ করে তার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নিজের পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত হতে নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, “আমি অফিসে আসার প্রায় পাঁচ মিনিট পর ঠিক সকাল ৯টার দিকে মাননীয় প্রতিমন্ত্রী আমার অফিসে আসেন। পরে তিনি প্রায় এক ঘণ্টা উপজেলা চত্বরে অবস্থান করেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।”
তিনি আরও জানান, অধিকাংশ কর্মকর্তা ওই সময় কর্মস্থলে উপস্থিত ছিলেন। যারা অনুপস্থিত ছিলেন, তারা পূর্ব অনুমোদিত ছুটিতে ছিলেন বলেও দাবি করেন তিনি।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকা এবং সেবার মান উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপজেলা চত্বর ত্যাগ করার সময় সরকারি গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।

প্রতিমন্ত্রীর এ আকস্মিক সফর উপজেলা প্রশাসনের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
