# দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/deser-sb-bivage-jhr-brrishtir-smvabna](https://dailyfulki.com/article/deser-sb-bivage-jhr-brrishtir-smvabna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6984.md](https://dailyfulki.com/news/6984.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৪ মার্চ) থেকে রবিবার (১৫ মার্চ) পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে দেশের কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে সারাদেশে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন না হলেও কোথাও কোথাও সামান্য ওঠানামা করতে পারে। তাই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
