# ৫ বলে ৫ উইকেট, ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-08
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/5-ble-5-uiket-itihas-grlen-niujilzander-pesar-bret-rzandel](https://dailyfulki.com/article/5-ble-5-uiket-itihas-grlen-niujilzander-pesar-bret-rzandel)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6900.md](https://dailyfulki.com/news/6900.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ক্রিকেটে হ্যাটট্রিক নতুন কিছু নয়, চার বলে চার উইকেটও মাঝে মাঝে দেখা যায়। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ বলে পাঁচ উইকেট— এমন ঘটনা আগে কখনও ঘটেনি। সেই অসম্ভবকেই সম্ভব করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল।

নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে র‌্যান্ডেল গুঁড়িয়ে দেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইনআপ। দুই ওভারের ব্যবধানে টানা পাঁচ বলে পাঁচ উইকেট তুলে নিয়ে গড়েন অনন্য এক রেকর্ড।

৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিলেন ২০১৭ সালে। মজার বিষয় হলো, তখন তিনি খেলেছিলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়েই। কয়েক বছর পর সেই দলকেই বিধ্বস্ত করে গড়লেন বিরল কীর্তি।

ম্যাচটিতে শুধু পাঁচ বলে পাঁচ উইকেটই নয়, প্রতিপক্ষের প্রথম ইনিংসে টানা সাতটি উইকেটও তুলে নেন র‌্যান্ডেল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তার এই সাত উইকেটের দাপুটে স্পেল প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যক্তিগত পরিসংখ্যানকেও আরও সমৃদ্ধ করেছে। ৩৭ ম্যাচে তার উইকেটসংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে।

র‌্যান্ডেলের এই বিধ্বংসী বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার দাপুটে পারফরম্যান্সে চলতি মৌসুমে তৃতীয় জয় পায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। এর আগে দলটি টানা দুই ম্যাচ ড্র করেছিল। অন্যদিকে নর্দার্ন ডিস্ট্রিক্টস এই ম্যাচে নামার আগে টানা তিনটি জয়ের ধারায় ছিল।

নিজের অবিশ্বাস্য কীর্তি নিয়ে ম্যাচ শেষে বিস্ময় লুকাননি র‌্যান্ডেল। তিনি বলে, ‘ঘটনাটা এখনও বিশ্বাস করতে পারছি না। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য— একেবারে যেন স্বপ্নের মতো।

র‌্যান্ডেল আর জানান, ঐতিহাসিক মাইলফলকের কাছাকাছি পৌঁছেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছেন। আমি শুধু একই জায়গায় বল ফেলতে চেয়েছি। হ্যাটট্রিকের পরও একই পরিকল্পনা ধরে রেখেছিলাম। আমরা সবসময় শিখি উইকেট খুঁজতে গিয়ে পরিকল্পনা বদলানো যাবে না, তাই সেটাই অনুসরণ করেছি।

পাঁচ বলে পাঁচ উইকেট যে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ঘটনা— সেটিও ম্যাচ চলাকালে জানতেন না এই পেসার। পরে জানতে পেরে বিস্মিত হয়ে বলেন, ‘বিশ্বে প্রথমবার এমন কিছু হয়েছে— এটা জানার পর সত্যিই দারুণ লাগছে। এই মুহূর্তে ঠিক কী বলব, সেটাও বুঝতে পারছি না।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
